প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে ইসি সচিবসহ ২০ কর্মকর্তা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে প্রস্তুতি চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের পদ্ধতি, নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করা এবং ভোটের যাবতীয় সামগ্রী জাতীয় সংসদ ভবনে নেওয়াসহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
ইসি সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদ ভবনে পৌঁছাবেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন পরে সংসদে পৌঁছাবেন বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারকে সহায়তার জন্য ইসি ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর শেরেবাংলানগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ১৮ আগস্ট এক অফিস আদেশে ইসি সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তাকে নির্বাচনী কর্তার সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত ২০ কর্মকর্তা হলেন—ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সৈয়দ আফজাল আহাম্মেদ, মো. রশিদ মিয়া, একান্ত সচিব এ এস এম জাকির হোসেন, একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা এবং সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান।
আজকের ভোটগ্রহণের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান