প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2026 ইং
বিয়ের আগেই গর্ভবতী, মেয়েকে চম্বল নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

ভারতে বিয়ের আগেই মেয়ের গর্ভধারণের বিষয়টি জানার পর সামাজিক লজ্জার ভয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন এক বাবা—এমন অভিযোগে ৫২ বছর বয়সী লাখপত সিংকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
পুলিশ জানায়, চিকিৎসার কথা বলে ১৮ বছর বয়সী মেয়েকে উত্তরপ্রদেশের আগ্রায় নিজেদের গ্রামের বাড়িতে যেতে রাজি করান তিনি। এরপর গত ২৯ জুলাই এক আত্মীয়কে সঙ্গে নিয়ে আগ্রার বাসাউনি এলাকার চম্বল নদীর তীরে নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।
তদন্তে জানা গেছে, ঘটনার সময় তারা ছবি ও ভিডিও ধারণ করেন। পরে দিল্লিতে ফিরে এসে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করে ঘটনাটি অপহরণ বা নিখোঁজ হিসেবে দেখানোর চেষ্টা করেন অভিযুক্ত।
তবে তদন্তে লাখপত সিংয়ের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে তাকে এবং তার সঙ্গে থাকা আত্মীয়কে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে তাদের আগ্রায় নিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। চম্বল নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান