
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার অভিনয়ের বাইরে নতুন এক পরিচয়ে দর্শকের সামনে আসছেন। প্রথমবারের মতো গায়ক হিসেবে যুক্তরাষ্ট্রের মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।
আগামী ৮ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠান ঘোষণার পরপরই দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেতা।
অপূর্ব লিখেছেন, “সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি। এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠেছে।”
আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, ৮ আগস্ট রাত ৮টায় শুরু হবে দুই ঘণ্টাব্যাপী এই সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে নিজের কণ্ঠে একাধিক গান পরিবেশন করবেন অপূর্ব।
কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকার সমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসনসংখ্যা সীমিত।
পোস্টারে আয়োজনটিকে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আয়োজকদের আশা, এটি দর্শকদের জন্য একটি স্মরণীয় সংগীত সন্ধ্যায় পরিণত হবে।
অভিনয়ে আসার আগে অপূর্বর স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। তিনি কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করেছেন এবং সেই সময় নিয়মিত গানও চর্চা করতেন। একসময় সংগীতকেই পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা থাকলেও পরবর্তীতে অভিনয়জগতে পা রাখেন। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমানে অপূর্ব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন তিনি। এবার সেই প্রবাসজীবনেই গায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।