
শিল্পখাতে বিদ্যমান গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বৈঠক শেষে শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। তবে বর্তমান সরকার টেক্সটাইল খাতের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সেগুলোর সমাধানে আন্তরিক রয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন। সরকারের ইতিবাচক মনোভাব ও সহযোগিতার আশ্বাসে উদ্যোক্তারা নতুন করে আশাবাদী হয়েছেন।
বিটিএমএ সভাপতির ভাষ্য, যেসব কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে বা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে, সেসব প্রতিষ্ঠানের কী ধরনের এবং কতটুকু সহায়তা প্রয়োজন, তা নির্ধারণে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার।