মোঃ শাহজালাল ফারুক | বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উৎপাদন ও বাজারব্যবস্থা। দেশের শিল্প-কারখানায় উৎপাদিত পণ্য ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিদিন নিরলস পরিশ্রম করছেন সেলস ও মার্কেটিং পেশায় নিয়োজিত হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণী।
জীবন রক্ষাকারী ওষুধ, তৈরি পোশাক, খাদ্য ও ভোগ্যপণ্য, কৃষিপণ্য, প্রসাধনী, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স সামগ্রী, ধাতব পণ্যসহ দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার পেছনে রয়েছে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা।
অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও এই পেশার কর্মীদের জন্য এখনো কোনো সমন্বিত জাতীয় নীতিমালা বা সুনির্দিষ্ট কর্মপরিবেশের মানদণ্ড গড়ে ওঠেনি। সংশ্লিষ্টদের মতে, অনেক প্রতিষ্ঠানে কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি, যাতায়াত ভাতা, চিকিৎসা সুবিধা, চাকরির নিরাপত্তা, কর্মদক্ষতার মূল্যায়ন, পদোন্নতি এবং অবসর-পরবর্তী সুবিধা পর্যাপ্তভাবে নিশ্চিত করা হয় না।
এ ছাড়া অনেক বিক্রয় পেশাজীবীকে অতিরিক্ত কর্মচাপ, উচ্চ বিক্রয় লক্ষ্যমাত্রা এবং লক্ষ্য পূরণে ব্যর্থ হলে চাকরি হারানোর আশঙ্কার মধ্যে কাজ করতে হয়। ফলে অনিশ্চয়তা, মানসিক চাপ ও আর্থিক সংকট তাঁদের পেশাগত জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এমন বাস্তবতায় বিক্রয় পেশাজীবীদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও টেকসই করতে সেলস ও মার্কেটিং খাতকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনা প্রয়োজন।
সংগঠনের পক্ষ থেকে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সমন্বয়ে বিক্রয় ও মার্কেটিং খাতের জন্য একটি যুগোপযোগী জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মাসিক বেতনের যৌক্তিক কাঠামো, নির্ধারিত কর্মঘণ্টা, ওভারটাইম সুবিধা, সাপ্তাহিক ছুটি, যাতায়াত ও মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বীমা সুবিধা, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে নিয়মিত প্রশিক্ষণ, চাকরির নিরাপত্তা এবং স্বচ্ছ পদোন্নতি নীতিমালা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, বিক্রয় পেশাজীবীরা শুধু একটি প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি করেন না; তাঁরা দেশের শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব আয় বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা কেবল একটি পেশার দাবি নয়, বরং টেকসই অর্থনৈতিক উন্নয়নেরও অপরিহার্য শর্ত।
বিশেষজ্ঞদের মতে, দেশের এই বিশাল কর্মশক্তিকে যথাযথ স্বীকৃতি দিয়ে আধুনিক, বাস্তবসম্মত ও মানবিক একটি সেলস ও মার্কেটিং নীতিমালা প্রণয়ন করা সময়ের দাবি। এমন নীতিমালা বাস্তবায়িত হলে বিক্রয় পেশাজীবীরা আরও নিরাপদ, মর্যাদাপূর্ণ ও উৎসাহব্যঞ্জক পরিবেশে কাজ করতে পারবেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করবে।