প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2026 ইং
১৫০০ টাকা চুরি করায় স্ত্রীর আঘাতে প্রাণ গেল স্বামীর

মডার্ন টেলিভিশন ডেস্ক: রাধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড এলাকায় মাত্র ১ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে সুমন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জমিদার গলির একটি ভবনের চতুর্থ তলার বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
মডার্ন টেলিভিশন জানতে পেরেছে, সুমনের গ্রামের বাড়ি হবিগঞ্জে। তিনি বর্তমানে দ্বিতীয় স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে পুরান ঢাকার ওই বাসায় বসবাস করছিলেন।
নাসিমা আক্তারের দাবি, সোমবার রাতে বাসা থেকে ১ হাজার ৫০০ টাকা হারিয়ে যায়। একই রাতে তিনি সুমনকে বাথরুমে মাদক সেবন করতে দেখেন বলেও অভিযোগ করেন। এসব বিষয় নিয়ে মঙ্গলবার সকালে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
তার ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে সুমন তাকে মারধর করেন এবং পেটে কামড় দেন। পরে লোহার তৈরি একটি ধারালো বস্তু দিয়ে আঘাত করার চেষ্টা করলে আত্মরক্ষার সময় ধস্তাধস্তির একপর্যায়ে সেটি সুমনের বুকে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে নাসিমাই তাকে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের বুকের বাম পাশে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় বংশাল থানা পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান টেলিভিশন